
সিকদার শাহ আলম লিমনঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের ঐতিহাসিক নদেরচাঁদ ঘাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় নদেরচাঁদ ঘাট থেকে পৌরসভার গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬.১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আমরা ফেল করতে আসিনি, আমরা কৃতকার্য হবো। জনগণ আমাদের ওপর আস্থা রেখে একটি ধ্বংসপ্রাপ্ত দেশের দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগ সরকার অর্থনীতি, ব্যাংক-বিমা খাতসহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট করেছে। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সমাজে বিভাজন বা অনৈক্য চাই না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই—যারা আমাদের ভোট দিয়েছে এবং যারা দেয়নি, সবার জন্যই উন্নয়ন করা হবে।”
মন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে আমরা শিগগিরই এ সমস্যা মোকাবেলায় সক্ষম হবো।” তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রমাণ দিয়েছে।
জানা গেছে, দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারীতে দুটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি খাল ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৬.১ কিলোমিটার এলাকাজুড়ে খনন করা হবে, যা যান্ত্রিক ও শ্রমিকদের সমন্বয়ে সম্পন্ন হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা ও শুষ্ক—উভয় মৌসুমেই কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক 










